• Follow us at Twitter

এপিটাফ


ভেঙে পড়ে যাওয়া শব্দ, আমার জীবন ভাসানের...
বহু রক্তপাত হলো, এখন নিঃশব্দে চরাচর
তোমার শরীরে শুয়ে পড়ে... যা কিছু গড়িয়ে আসে, অহঙ্কার, চাপা নিঃশ্বাসের...
রাজনীতির পাশে দৃষ্টি ভাবলেশহীন তোমারো উপর

দাবানল, দাবানল ও শরীর তোমার চিতায়
যে আগুন তাকে দাও প্রকৃত ইন্ধন, দাও অস্বীকার, শীতের পাতায়
যখন শেষের শব্দ ঘিনিয়ে এসেছে, তবু মাথা থেকে স্বপ্ন ছিঁড়ে হিংসার ভিতর
আসে নীল সমুদ্রের যুদ্ধ আর মিথের পাশে শব্দ আর নিষাদ অক্ষর

এখানে প্রেমের চিঠি পুড়ে গেছে, শান্ত হাত, তুমি কি নিজের
ভাষা লিখে রাখছো আজ ঈগলের বধির ডানায়?
আমার সমস্ত সুর মুছে গেছে প্রায়...
নেই কোন স্বাদ অক্ষরের; শ্মশানের গণহত্যা ফের

আগুন নিভিয়ে আজ নিজেরই ঘরের কোণে নিজে দগ্ধপ্রায়...
আমার ভূমিকা তবু লিখে রাখছি সন্ধ্যার ভাষায়